নোবিপ্রবি প্রতিনিধি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছ থেকে সরিয়ে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির কাছে দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। পরে সালাম হল, মালেক হল, শান্তিনিকেতন ও গ্যারেজ এলাকা প্রদক্ষিণ করে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে আবার শহীদ মিনার এলাকায় এসে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘টাকা নয়, মেধা’, ‘নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘কোটা গেছে যেই পথে, কমিটি যাবে সেই পথে’, ‘চাচা-নানা চাকরি নয়, চাকরি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভে সমুদ্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জিহাদুল ইসলাম রাফি বলেন, ‘আগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে টাকা ও রাজনৈতিক প্রভাবের মাধ্যমে শিক্ষক নিয়োগের অভিযোগ ছিল। পরবর্তীতে এনটিআরসিএর মাধ্যমে নিয়োগের ব্যবস্থা চালু হয়। এখন আবার শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে নিয়োগের ক্ষমতা দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে। সারাদেশের শিক্ষক-শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত মেনে নেবে না। এনটিআরসিএর মাধ্যমেই শিক্ষক নিয়োগ দিতে হবে।’
নোবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ও এসিসিই বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ‘শিক্ষক নিয়োগ কোনো ছিনিমিনি খেলার বিষয় নয়। এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ হলে একজন শিক্ষককে চাকরির জন্য কারও কাছে ধরনা দিতে হয় না। কিন্তু এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে মেধাবী প্রার্থীদেরও রাজনৈতিক নেতা বা প্রভাবশালী ব্যক্তিদের কাছে চাকরির জন্য ধরনা দিতে হতে পারে। এটি জাতির জন্য লজ্জাজনক।’
তিনি আরো বলেন, ‘সরকারকে এ সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নামতে বাধ্য হবে।’
উল্লেখ্য, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর কাছ থেকে সরিয়ে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির কাছে দেয়ার বিষয়ে সোমবার শিক্ষা মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এর প্রতিবাদেই নোবিপ্রবির শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।