হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
নোয়াখালীর হাতিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হোটেল, গুদামঘর ও বসতঘরসহ সাতটি ঘর পুড়ে গেছে। সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাগরিয়া বাজারের নকশিবাংলা রেস্টুরেন্টের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এতে নকশিবাংলা রেস্টুরেন্ট, ব্যবসায়ী প্রিয়তোষ বাবুর তিনটি গুদামঘর, বহুমুখী ও সাখাওয়াতের গুদামঘর এবং ফখরুলের বসতঘর পুড়ে যায়।

স্থানীয়রা জানান, আগুনে ক্ষতিগ্রস্ত ঘরগুলোর মালিক স্থানীয় ব্যবসায়ী ফখরুল ইসলাম ওরফে গাছ বেপারি ফখরুল।

প্রত্যক্ষদর্শী রায়হান ও রাজীবসহ স্থানীয়রা জানান, আগুন লাগার পর স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।