মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশী তরুণ মো. তারা মিয়ার (১৯) লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশন ও ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ভারতীয় পুলিশ কুলাউড়া থানা পুলিশের কাছে তারা মিয়ার লাশ হস্তান্তর করে। পরে নিহতের বড় ভাই রাজু মিয়া লাশ গ্রহণ করেন।

নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া বস্তির বাসিন্দা আব্দুল মালেকের ছেলে।

কুলাউড়া থানা পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, তারা মিয়ার লাশ হস্তান্তরের জন্য সোমবার বিকেলে চাতলাপুর শুল্ক স্টেশন ও ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে চাতলাপুর সীমান্ত দিয়ে ভারতীয় পুলিশ কুলাউড়া থানা পুলিশের কাছে তারা মিয়ার লাশ হস্তান্তর করেছে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে ৮ আগস্ট দিবাগত রাতে তারা মিয়াসহ ৪-৫ জন বাংলাদেশী যুবক অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন বলে জানা গেছে। এ সময় বিএসএফের একটি টহল দল তাদের গতিরোধের চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই তারা মিয়া নিহত হন। এ সময় তার সাথে থাকা অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আত্মগোপনে চলে যান।