মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের মিরসরাইয়ে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। গত শনিবার রাত ২টার দিকে উপজেলার খইয়াছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজি শফি আহমেদ মিস্ত্রি বাড়ির গিয়াস উদ্দিনের ঘরে এ ঘটনা ঘটে। এ সময় এক ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪৫ হাজার টাকা, তিনটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করা হয়েছে বলে জানান পরিবারের সদস্যরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ২টার দিকে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল মুখোশ পরে গিয়াস উদ্দিনের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। পরে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করা হয় তাদের। ডাকাতরা ঘরের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে আলমারি ও আসবাবপত্র ভাঙচুর করে এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

ভুক্তভোগী গিয়াস উদ্দিন বলেন, ডাকাতরা এক ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪৫ হাজার টাকা ও তিনটি মুঠোফোনসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে। তিনি আরো বলেন, ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাদের হাত-পায়ের বাঁধন খুলে দেন। গিয়াস উদ্দিন বলেন, এ ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করার প্রস্তুতি নেয়া হচ্ছে। মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, ডাকাতির বিষয়টি তারা শুনেছেন। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশি অভিযান চলছে।